যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম এলাকার ১১ বছর বয়সী অটিজমে আক্রান্ত শিশু জামেল জনসন পরিবারের অজান্তেই একা উবারে চড়ে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায়। পরে পোর্ট অথরিটি পুলিশ তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ঘটনাটি নাবালকদের রাইডশেয়ার ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিবারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম এলাকার ১১ বছর বয়সী অটিজমে আক্রান্ত শিশু জামেল জনসন পরিবারের অজান্তেই একা উবারে চড়ে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায়। পরে পোর্ট অথরিটি পুলিশ তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ঘটনাটি নাবালকদের রাইডশেয়ার ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পরিবারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ির রিং ডোরবেল ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে জামেল একটি কালো রঙের উবার এসইউভিতে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সময় তার বাবা-মা বিষয়টি টের পাননি।
ঘুম থেকে উঠে ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পান, একটি স্যুটকেস সঙ্গে নিয়ে জামেল বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে।
এদিকে ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তার বাবা। পরে জামেলের মোবাইল ফোনে কল করা হলে সেটি রিসিভ করেন জেএফকে বিমানবন্দরে দায়িত্বরত পোর্ট অথরিটি পুলিশের এক সদস্য।
কর্তৃপক্ষ জানায়, জামেল জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-১ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে কোনো বিমানের টিকিট দেখাতে না পারায় টিএসএ কর্মকর্তারা তাকে থামান। সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে পুলিশ তাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে।
পরে চিকিৎসাকর্মীরা পরীক্ষা করে নিশ্চিত করেন, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
জামেলের পরিবারের ভাষ্য, অটিজমে আক্রান্ত অনেক শিশু কখনও কখনও পরিবারের অজান্তে বাসা থেকে বেরিয়ে যেতে পারে। তবে মাত্র ১১ বছর বয়সী একটি শিশু কীভাবে একা উবারে করে এত দূর বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেল, সেটিই তাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
তাদের মতে, রাইডশেয়ার কোম্পানিগুলোর আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।
পরিবার উবারসহ অন্যান্য রাইডশেয়ার প্রতিষ্ঠানের প্রতি নাবালকদের একা ভ্রমণ ঠেকাতে আরও কার্যকর পরিচয় যাচাই ও নিরাপত্তা নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে।
উবারের নীতিমালা অনুযায়ী, কোনো নাবালক প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া একা যাত্রা করতে পারে না। তবে জামেল কীভাবে একাই উবারে করে জেএফকে বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হলো, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও রোববার রাত পর্যন্ত উবার কোনো প্রতিক্রিয়া জানায়নি।