নিউইয়র্কের রাস্তায় চলাচলকারী হাজারো বাসের সামনের অংশে এখন বড় অক্ষরে দেখা যাচ্ছে ‘মিউজিয়াম অব সেক্স’-এর নাম। ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসজুড়ে তিন হাজারেরও বেশি বাসে এই বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের নেতারা বিজ্ঞাপনটি অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শিশু-কিশোররা প্রতিদিন স্কুল, কোচিং কিংবা অন্যান্য কাজে যাতায়াতের সময় অনিচ্ছাকৃতভাবে এসব […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের রাস্তায় চলাচলকারী হাজারো বাসের সামনের অংশে এখন বড় অক্ষরে দেখা যাচ্ছে ‘মিউজিয়াম অব সেক্স’-এর নাম। ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসজুড়ে তিন হাজারেরও বেশি বাসে এই বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ধর্মীয় সম্প্রদায়ের নেতারা বিজ্ঞাপনটি অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শিশু-কিশোররা প্রতিদিন স্কুল, কোচিং কিংবা অন্যান্য কাজে যাতায়াতের সময় অনিচ্ছাকৃতভাবে এসব বিজ্ঞাপির মুখোমুখি হচ্ছে, যা তাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
বুধবার নিউইয়র্কের গণপরিবহন কর্তৃপক্ষের মাসিক বোর্ড সভায় অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার দাবি জানান। তাদের বক্তব্য, গণপরিবহন এমন একটি স্থান যেখানে বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে যাতায়াত করেন এবং সেখানে এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন অনুপযুক্ত।
২০০২ সালে উদ্যোক্তা ড্যানিয়েল গ্লাক ম্যানহাটনের ফ্ল্যাটআয়রন এলাকায় ‘মিউজিয়াম অব সেক্স’ প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল মানব যৌনতার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক প্রভাবকে জাদুঘরের মাধ্যমে তুলে ধরা।
প্রতিষ্ঠার শুরুতে নিউইয়র্ক স্টেট বোর্ড অব রিজেন্টস জাদুঘরটিকে অলাভজনক প্রতিষ্ঠানের মর্যাদা দিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে এটি নিউইয়র্কের অন্যতম আলোচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে সেখানে শিল্প, ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতির আলোকে যৌনতা বিষয়ক বিভিন্ন প্রদর্শনী রয়েছে। দর্শনার্থীদের জন্য ন্যূনতম বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করা হয়েছে।
বর্তমান প্রচারণায় বাসগুলোর সামনের অংশে শুধু জাদুঘরের নাম এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে। কোনো ছবি বা অতিরিক্ত বার্তা এতে নেই। জাদুঘর কর্তৃপক্ষের দাবি, এটি মূলত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচিতি প্রচারণা।
তবে ধর্মীয় নেতাদের অভিযোগ, শুধুমাত্র নামটিই অনেকের কাছে আপত্তিকর এবং এটি শিশুদের মধ্যে অস্বস্তিকর প্রশ্ন ও কৌতূহল তৈরি করতে পারে।
সেন্ট্রাল র্যাবিনিক্যাল কংগ্রেসের রাব্বি আব্রাহাম জিমারম্যান বলেন, তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যৌনতা সম্পর্কিত বিষয়গুলো নির্দিষ্ট বয়স ও প্রেক্ষাপটে আলোচনা করা উচিত। কিন্তু গণপরিবহনে এ ধরনের বিজ্ঞাপন সেই সুযোগ সীমিত করে দিচ্ছে।
হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া এক পরিবারের সদস্য রিটা ফ্রিডম্যানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর এ ধরনের বিজ্ঞাপন সেই প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।
অন্যদিকে নিউইয়র্কের গণপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যানো লিবার বলেন, তারা বিষয়টি নিয়ে যাত্রীদের উদ্বেগ বুঝতে পারছেন। তবে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বাধ্যবাধকতার কারণে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের সীমিত।
তার ভাষায়, আইনগতভাবে ‘মিউজিয়াম অব সেক্স’ একটি স্বীকৃত সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। ফলে এর বিজ্ঞাপনকে সাংস্কৃতিক কার্যক্রমের প্রচার হিসেবেই বিবেচনা করা হয়।
তিনি আরও জানান, অতীতে জাদুঘর কর্তৃপক্ষকে বিজ্ঞাপিতে প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে এটি কোনো অস্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত না হয়।
এর আগেও ২০১৮ সালে একই ধরনের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় কিছু নারী বাসচালক যাত্রীদের কাছ থেকে হয়রানির অভিযোগ তোলার পর বিজ্ঞাপনগুলো বাসের সামনের অংশ থেকে সরিয়ে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছিল।
গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞাপন থেকে প্রতিবছর তারা উল্লেখযোগ্য রাজস্ব আয় করে। যদিও এই আয় সংস্থার মোট বাজেটের তুলনায় খুব বেশি নয়, তবুও বিজ্ঞাপন আয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি উৎস।
পর্যবেক্ষকদের মতে, এই বিতর্ক আবারও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি সামাজিক ও সাংবিধানিক প্রশ্নকে সামনে নিয়ে এসেছে—ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে।
এদিকে সাধারণ নিউইয়র্কবাসীর একটি অংশ বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। অনেক যাত্রী মনে করেন, নিউইয়র্কের মতো বহুমাত্রিক ও বৈচিত্র্যময় শহরে এ ধরনের বিতর্ক নতুন নয়।
বিতর্ক চললেও আপাতত নিউইয়র্কের বাসগুলোর সামনের অংশে ‘মিউজিয়াম অব সেক্স’-এর বিজ্ঞাপন প্রদর্শন অব্যাহত রয়েছে।