হান্টাভাইরাসে আক্রান্ত একটি ক্রুজ জাহাজে নিউইয়র্কের তিনজন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। সোমবার বিভিন্ন দেশ আক্রান্ত ওই ক্রুজ জাহাজের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখে। আক্রান্তদের মধ্যে একজন ফরাসি নারী ও একজন মার্কিন নাগরিকের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মোট ১৮ জন মার্কিন নাগরিককে নেব্রাস্কায় নেওয়া হয়েছে। […]
ছবি: সংগৃহীত
হান্টাভাইরাসে আক্রান্ত একটি ক্রুজ জাহাজে নিউইয়র্কের তিনজন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল।
সোমবার বিভিন্ন দেশ আক্রান্ত ওই ক্রুজ জাহাজের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখে। আক্রান্তদের মধ্যে একজন ফরাসি নারী ও একজন মার্কিন নাগরিকের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মোট ১৮ জন মার্কিন নাগরিককে নেব্রাস্কায় নেওয়া হয়েছে।
গভর্নর হোকুল জানান, আক্রান্ত যাত্রীদের মধ্যে তিনজন নিউইয়র্কের বাসিন্দা। তাদের একজন নিউইয়র্ক সিটির বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমিশনার মার্টিন। তবে ওই ব্যক্তি কবে নিউইয়র্কে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
ক্যাথি হোকুল বলেন, “নিউইয়র্কের তিনজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত। তারা নিউইয়র্কে ফিরবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।”
তিনি আরও জানান, আক্রান্ত বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ৪২ দিনের পর্যবেক্ষণ সময় নির্ধারণ করা হতে পারে। তারা চাইলে নেব্রাস্কায় অবস্থান করতে পারবেন অথবা বিশেষ ব্যবস্থায় নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের মতে, হান্টাভাইরাস কোভিড-১৯ বা ফ্লুর মতো সহজে একজন থেকে আরেকজনে ছড়ায় না।
নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার মার্টিন বলেন, “বর্তমানে নিউইয়র্কবাসীর জন্য ঝুঁকি অত্যন্ত কম।”
তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন গভর্নর হোকুল।