রাজধানীর নিউমার্কেট থানার শাহ নেওয়াজ ছাত্রবাসসংলগ্ন বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন (৫৮)। মঙ্গলবার রাত ৮টার দিকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা […]
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট থানার শাহ নেওয়াজ ছাত্রবাসসংলগ্ন বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন (৫৮)। মঙ্গলবার রাত ৮টার দিকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে পালিয়ে যায়। টিটনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই রাজধানীসহ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম টিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিটন দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন এবং সম্প্রতি নিউমার্কেট ও হাজারীবাগ এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।
ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী কিশোর রতন জানায়, টিটন দ্রুত হেঁটে যাওয়ার সময় পেছন থেকে মাস্ক পরা এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে কয়েক রাউন্ড গুলি করার পর হামলাকারী সামনে গিয়ে আরও গুলি করে এবং শেষে মাথায় কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, টিটন ২০০১ সালে প্রকাশিত দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত ছিলেন। তিনি মূলত রায়েরবাজার, ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন বর্তমানে দেশের বাইরে অবস্থান করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। পুলিশ সূত্র বলছে, টিটন ও ইমন দুজনেই একসময় মোহাম্মদপুরভিত্তিক ‘হারিছ-জোসেফ’ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন।
দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর ২০২৪ সালের আগস্টে টিটন জামিনে মুক্তি পান। তবে মুক্তির পর তিনি আদালতে নিয়মিত হাজিরা দেননি এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।
পুলিশ ধারণা করছে, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
নিউমার্কেট থানার এসআই শাহাদাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।