জাতীয় সংসদে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সোমবার অধিবেশনে বিশেষ অধিকারের আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার হামলার ঝুঁকির মুখে পড়েছেন। তিনি বলেন, হাতিয়া থেকে ফেরার পথে সর্বশেষ আবারও হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য বিশেষ অধিকার নোটিশ দিলেও তা […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সোমবার অধিবেশনে বিশেষ অধিকারের আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার হামলার ঝুঁকির মুখে পড়েছেন।
তিনি বলেন, হাতিয়া থেকে ফেরার পথে সর্বশেষ আবারও হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য বিশেষ অধিকার নোটিশ দিলেও তা ডেপুটি স্পিকার গ্রহণ করেননি। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
হান্নান মাসউদ তার বক্তব্যে উল্লেখ করেন, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চলের প্রতিনিধি, যেখানে দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও জলদস্যুদের প্রভাব রয়েছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে অন্তত পাঁচবার তিনি সরাসরি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। এমনকি তার জন্য দোয়া করায় এক মসজিদের ইমামকেও নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, যিনি এখনো চিকিৎসাধীন।
তিনি অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে ভিডিওসহ প্রমাণ থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক আশ্রয়ে থেকে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং নিজ এলাকায় প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত প্রতিনিধি যদি নিজেই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে। তিনি তার গাড়িতে হামলার চিহ্ন থাকার কথাও উল্লেখ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডেপুটি স্পিকার বিষয়টি ‘সংবেদনশীল’ উল্লেখ করে কার্যপ্রণালী বিধির সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করা সম্ভব না হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তিনি জানান, অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।