ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র মজুতের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনের মাঠে আমরা লক্ষ্য […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র মজুতের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনের মাঠে আমরা লক্ষ্য করছি, কিছু এলাকায় গোপনে অস্ত্র জমা করা হচ্ছে। এটি একটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া।” তিনি আরও অভিযোগ করেন, কয়েকজন প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন, অথচ এসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না—এমন আশঙ্কা রয়েছে। তার ভাষায়, “জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিগত ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়া থেমে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, “এ ধরনের কোনো অপচেষ্টা হলে তা রাজপথে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।”
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিব। এ সময় দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।