পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার বর্তমান সরকারের হাত ধরেই সম্পন্ন হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিলখানার বিভীষিকাময় ঘটনার প্রকৃত চিত্র আজও পুরোপুরি জাতির সামনে উন্মোচিত হয়নি। এ বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠিত হলেও […]
ছবি: সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার বর্তমান সরকারের হাত ধরেই সম্পন্ন হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিলখানার বিভীষিকাময় ঘটনার প্রকৃত চিত্র আজও পুরোপুরি জাতির সামনে উন্মোচিত হয়নি। এ বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠিত হলেও সংশ্লিষ্ট মহলের সম্পৃক্ততার কারণে সেসব প্রতিবেদনের সত্য কখনো প্রকাশ পায়নি বলে অভিযোগ করেন তিনি। বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করার চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে কিছুটা সত্য সামনে এলেও তা ছিল আংশিক। তার মতে, ঘটনার গভীরে পৌঁছে প্রকৃত হোতাদের চিহ্নিত না করলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ বিচার জাতির জন্য এক ধরনের নৈতিক দায়মুক্তির পথ খুলে দেবে। বিচারে যেন কেবল শাখা-প্রশাখায় সীমাবদ্ধ না থেকে মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হয়—সে আহ্বান জানান তিনি।
জামায়াত আমিরের ভাষ্য, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার আন্তরিক হলে এই বর্বর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার বাস্তবায়ন করতে পারবে। দেশবাসীও সেই প্রত্যাশাই করছে বলে তিনি মন্তব্য করেন।