পুলিশ বাহিনীতে দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও পর্যাপ্ত বাজেট সংকটকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এ অবস্থা থেকে বের হতে হলে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের প্রথম অধিবেশনেই তিনি বিষয়টি উত্থাপন […]
ছবি: সংগৃহীত
পুলিশ বাহিনীতে দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও পর্যাপ্ত বাজেট সংকটকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এ অবস্থা থেকে বের হতে হলে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের প্রথম অধিবেশনেই তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। তার মতে, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বাস্তব সমস্যাগুলো সমাধান না করলে দুর্নীতি কমানো সম্ভব নয়।
তিনি বলেন, গুরুতর অপরাধের মামলার তদন্তে সরকারি বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। খুন ও ডাকাতির মতো বড় মামলার তদন্তে একজন কর্মকর্তাকে মাত্র ৬ হাজার টাকা দেওয়া হয়, যা দীর্ঘমেয়াদি তদন্ত পরিচালনার জন্য যথেষ্ট নয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার তদন্তে বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা। তার প্রশ্ন, একজন তদন্ত কর্মকর্তা কেন নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন? তিনি মনে করেন, এই আর্থিক সংকটই অনেক পুলিশ সদস্যকে অনৈতিক উপায়ে অর্থ সংগ্রহে ঠেলে দেয়।
কর্মঘণ্টা ও ওভারটাইম নিয়ে উদ্বেগ
পুলিশ সদস্যদের কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অন্যান্য সরকারি চাকরিতে নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি থাকলেও পুলিশের ক্ষেত্রে তা কার্যকর নেই। অনেক সদস্যকে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়।
তিনি জানান, সংসদে এ বিষয়ে আলোচনা হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন দ্রুত সেটির বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তার মতে, মাঠপর্যায়ের সদস্যদের জন্য মানসম্মত খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
‘না’ বলতে শিখতে হবে পুলিশকে
জনগণের আস্থা ফেরাতে পুলিশকে বেআইনি নির্দেশ প্রত্যাখ্যান করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক চাপের কারণে আইনবহির্ভূত কাজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনপ্রতিনিধিরাও অনেক সময় অজান্তে এই অনৈতিক সংস্কৃতির অংশ হয়ে যান। তবে পুলিশকে অবশ্যই আইনসম্মত নির্দেশ পালন করতে হবে, কিন্তু আইনের বাইরে গিয়ে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা গ্রহণযোগ্য হতে পারে না।
আইনি সুরক্ষা ও স্বাধীনতার দাবি
তিনি বলেন, বেআইনি নির্দেশ অমান্য করার কারণে কোনো পুলিশ সদস্য যেন হয়রানির শিকার না হন, সে জন্য তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থাও জোরদার করার দাবি জানান তিনি।
সবশেষে তিনি প্রশ্ন রাখেন, সরকার ও সংসদ যখন পুলিশ বাহিনীর স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে চায়, তখন পুলিশ নিজেও কি সেই স্বাধীনতা অর্জনের জন্য মানসিকভাবে প্রস্তুত?