প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিয়ে প্রতিবাদ করলেও তাদের কর্মকাণ্ডে অসংগতির চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, যারা ‘গ্যাস-বিদ্যুৎ চাই’ বলে প্রতিবাদ করছেন, তাদের পেছনে ফ্যান চললেও সামনে হারিকেন রেখে কর্মসূচি পালন করতে দেখা গেছে। শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিয়ে প্রতিবাদ করলেও তাদের কর্মকাণ্ডে অসংগতির চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, যারা ‘গ্যাস-বিদ্যুৎ চাই’ বলে প্রতিবাদ করছেন, তাদের পেছনে ফ্যান চললেও সামনে হারিকেন রেখে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুইদিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা হারিকেন সামনে নিয়ে বসে প্রতিবাদ করছে—গ্যাস-বিদ্যুৎ দে। কিন্তু তাদের পেছনে চলছে ফ্যান। বাতাস খাচ্ছে আর সামনে বলছে, বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা।’
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, গ্যাসের সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে যেসব কারিগরি সমস্যা ছিল, সেগুলোও কমিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকট থেকে অনেকটাই স্বস্তি পাবেন। এ সময় চলমান সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, শুধু আন্দোলন বা প্রতিবাদ না করে সমস্যা সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা নিয়ে আসা উচিত। এ বিষয়ে তিনি বিরোধীদের তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তবে আমি আপনাদের পরিকল্পনাই গ্রহণ করবো।’
তিনি আরও বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট কাটাতে কাজ করছে এবং জনগণের দুর্ভোগ কমানোই তাদের প্রধান লক্ষ্য। সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সুফল দ্রুতই পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।