রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টারের ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোটের নেতারা প্রথমে কারওয়ান বাজারে প্রথম আলো ভবন পরিদর্শন করেন। এরপর তারা ফার্মগেটে অবস্থিত দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান। পরিদর্শনকালে […]
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টারের ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোটের নেতারা প্রথমে কারওয়ান বাজারে প্রথম আলো ভবন পরিদর্শন করেন। এরপর তারা ফার্মগেটে অবস্থিত দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভে নামে। একপর্যায়ে বিক্ষুব্ধ একটি অংশ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।