২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের আট বছর পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক সতীর্থ উসমান খাজার দেওয়া বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি দাবি করেছেন সাবেক […]
ছবি: সংগৃহীত
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের আট বছর পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক সতীর্থ উসমান খাজার দেওয়া বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি দাবি করেছেন সাবেক এই ওপেনার।
বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে খেলতে নেপালে অবস্থান করছেন ওয়ার্নার। সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানান তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার খাজা তাঁর আসন্ন আত্মজীবনী ‘সাবর’-এ ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন কিছু তথ্য তুলে ধরেছেন। বইটির কিছু অংশ প্রকাশের পরই অস্ট্রেলীয় ক্রিকেটে পুরোনো বিতর্ক আবার সামনে আসে।
পুরো দল জানত, দাবি খাজার
খাজার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় বল বিকৃত করার পরিকল্পনা সম্পর্কে শুধু কয়েকজন খেলোয়াড় নয়, দলের অন্য সদস্য ও কোচিং স্টাফেরও জানা ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছিল।
খাজা আরও বলেছেন, ঘটনার পর তিনি বারবার পুরো দলকে সম্মিলিতভাবে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েন। তাঁর মতে, ঘটনার দায় কেবল এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
খাজার এই বক্তব্যের পক্ষে এবার প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ওয়ার্নার। ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি বলেন, ‘এই বিষয়ে আট বছর ধরে কথা বলিনি। উজি, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। তুমি যা করেছ, সে জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক।’
তদন্তে খাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি: ওয়ার্নার
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তপ্রক্রিয়া নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তাঁর অভিযোগ, তদন্তের সময় খাজাকে জিজ্ঞাসাবাদই করা হয়নি, যদিও ঘটনার সময় তিনি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই ছিলেন।
ওয়ার্নার বলেন, ‘পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটাই ছিল তাড়াহুড়ো করে করা এবং ত্রুটিপূর্ণ। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিল। অথচ উজিকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমার কাছে একেবারেই বোধগম্য নয়।’
তিনি আরও বলেন, এখন পুরোনো ঘটনা নিয়ে নতুন করে কাউকে দোষারোপ করা বা ক্ষত উসকে দেওয়া তাঁদের উদ্দেশ্য নয়। বরং ঘটনার সত্যতা যথাযথভাবে যাচাই, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত এবং যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
কী ঘটেছিল ২০১৮ সালের কেপটাউন টেস্টে?
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস মাঠে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ে। টেলিভিশন ক্যামেরায় অস্ট্রেলীয় ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায়। পরে তদন্তের ভিত্তিতে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওই ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। স্মিথ ও ওয়ার্নারকে নেতৃত্বের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৮ সালের তদন্তে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট—এমন সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল। খাজার সাম্প্রতিক বক্তব্য সেই তদন্তের পরিধি ও সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
তদন্তের সিদ্ধান্তে এখনো আস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার
খাজার বক্তব্য সামনে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আগের তদন্তের ফলাফলের পক্ষে অবস্থান নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে উপস্থাপিত প্রাসঙ্গিক সব তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং তদন্তের সিদ্ধান্ত নিয়ে তারা এখনো সন্তুষ্ট। নতুন কোনো প্রাসঙ্গিক তথ্য থাকলে তা জমা দেওয়ার সুযোগও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, ওয়ার্নার ও খাজা তদন্তের স্বচ্ছতা এবং জবাবদিহির প্রশ্ন তুলছেন। ফলে আট বছর আগের সেই কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন, রয়টার্স, এএফপি