দেশে নগদবিহীন আর্থিক লেনদেন সম্প্রসারণের নতুন উদ্যোগ ‘বাংলা কিউআর’ চালুর পরপরই গ্রাহকদের মধ্যে এর প্রতি উল্লেখযোগ্য সাড়া দেখা যাচ্ছে। চালুর প্রথম দুই দিনেই এই ব্যবস্থার মাধ্যমে ২২ কোটির বেশি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ও ১ জুলাই […]
ছবি: সংগৃহীত
দেশে নগদবিহীন আর্থিক লেনদেন সম্প্রসারণের নতুন উদ্যোগ ‘বাংলা কিউআর’ চালুর পরপরই গ্রাহকদের মধ্যে এর প্রতি উল্লেখযোগ্য সাড়া দেখা যাচ্ছে। চালুর প্রথম দুই দিনেই এই ব্যবস্থার মাধ্যমে ২২ কোটির বেশি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ও ১ জুলাই জাতীয় পেমেন্ট অবকাঠামোভিত্তিক বাংলা কিউআরের মাধ্যমে মোট ৭৭ হাজার ১৬৫টি লেনদেন সম্পন্ন হয়েছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি ২ লাখ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিভিন্ন ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা বাংলা কিউআর স্ক্যান করে এই লেনদেন সম্পন্ন করেছেন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে দ্রুত, নিরাপদ এবং সহজ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই চালু করা হয়েছে এই উদ্যোগ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না। একবার কিউআর কোড স্ক্যান করেই সহজে অর্থ পরিশোধ করা যাবে। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ বাস্তবায়ন করছে।”
বাংলা কিউআর একটি আন্তঃসংযোগযোগ্য কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার গ্রাহক অন্য কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করেই অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে ব্যবসায়ীদের আর একাধিক প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করতে হবে না।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে নগদবিহীন লেনদেন বাড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ছোট দোকান, কাঁচাবাজার, রেস্টুরেন্ট থেকে শুরু করে বড় ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র সহজ, নিরাপদ এবং কম খরচের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা পৌঁছে দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআরের ব্যবহার বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং লেনদেন আরও স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।