সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:০৫ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

বাংলাদেশে ভবিষ্যতে আর কাউকে শেখ হাসিনার মতো একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সারজিস আলম। তিনি বলেন, একটি ব্যক্তিকে ভালো আর বাকিদের খারাপ হিসেবে উপস্থাপনের রাজনৈতিক সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা […]

বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশে ভবিষ্যতে আর কাউকে শেখ হাসিনার মতো একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সারজিস আলম। তিনি বলেন, একটি ব্যক্তিকে ভালো আর বাকিদের খারাপ হিসেবে উপস্থাপনের রাজনৈতিক সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, “শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল—সবাই খারাপ, কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীর বাংলাদেশে এই রোগ আর হতে দেব না। বিএনপির অনেকেই খারাপ; কিন্তু তারেক রহমান তো ভালো—এমন মানসিকতাও গ্রহণযোগ্য নয়।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস বলেন, সরকার পরিচালনার দায়িত্ব শুধু একজন ব্যক্তির নয়, তার দলের কর্মকাণ্ডের দায়ও নেতৃত্বকেই বহন করতে হয়।

তিনি বলেন, “আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগের নেতা-কর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে কিংবা নিরপরাধ মানুষের ওপর জুলুম করে, তাহলে সেই দায়ও আপনাকে নিতে হবে। আপনি কোনো দায় এড়াতে পারবেন না।”

জনসাধারণের উদ্দেশে সারজিস আলম বলেন, দল বা নির্বাচনী প্রতীক দেখে অন্ধ সমর্থন না দিয়ে ব্যক্তির সততা ও কাজকে মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, “নেতা থেকে শুরু করে যে দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না—আপনাদের তাদের সঙ্গেই থাকতে হবে। ভবিষ্যতে আপনারা আপনাদের বিবেকবোধ কোনো দলের কাছে বিক্রি করবেন না, কোনো মার্কার কাছে বন্ধক দেবেন না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আপনার-আমার ভোটই ঠিক করে দেশ কে চালাবে। আমরা যদি অন্ধভাবে কোনো দল বা প্রতীকের দাস হয়ে যাই, তাহলে আগামীর বাংলাদেশে প্রকৃত পরিবর্তন কখনোই সম্ভব হবে না।”

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশেও বক্তব্য রাখেন সারজিস আলম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এখন সেই প্রতিষ্ঠানগুলোর হারানো মর্যাদা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার সময় এসেছে।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সব প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে নিজেদের গৌরব ও সম্মান ফিরিয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা। মনে রাখবেন, প্রতিটি সরকারই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি বিবেকবোধ ও পেশাদারিত্ব বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্যসচিব মাসুদুর রহমান।

সমাবেশে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়।

পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে পদযাত্রা শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি পথসভায় অংশ নেন। সেখানে দলীয় নেতারা সংগঠন সম্প্রসারণ, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ