ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার উন্মোচন করবেন বলে দলের প্রেস সেক্রেটারি সালেহ শিবলি […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার উন্মোচন করবেন বলে দলের প্রেস সেক্রেটারি সালেহ শিবলি জানিয়েছেন। ইশতেহারে দলের ঘোষিত ৩১ দফা দাবি, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ফ্যামিলি কার্ড (৪০ লাখ পরিবারকে মাসিক আয় সহায়তা), হেলথ কার্ড, কৃষক কার্ডের মতো জনমুখী সেবা, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, সুশাসন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা-স্বাস্থ্য খাতে সংস্কারসহ ৮টি মূল প্রতিশ্রুতি থাকবে বলে জানা গেছে।
এর আগে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেন, ইশতেহারের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিএনপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে। জনমত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির এই ইশতেহার ঘোষণা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।