বাবুগঞ্জের ঘটনার পর বিএনপিকে সতর্ক করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার অভিযোগ করেছেন, বিএনপির কিছু নেতাকর্মীর আচরণের কারণে দলটির জনপ্রিয়তা দ্রুত কমছে। তার দাবি, বাবুগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একদিনেই বিএনপির সম্ভাব্য ভোটব্যাংক থেকে প্রায় ১০ লাখ ভোট খোয়া গেছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী […]
বাবুগঞ্জের ঘটনার পর বিএনপিকে সতর্ক করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার অভিযোগ করেছেন, বিএনপির কিছু নেতাকর্মীর আচরণের কারণে দলটির জনপ্রিয়তা দ্রুত কমছে। তার দাবি, বাবুগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একদিনেই বিএনপির সম্ভাব্য ভোটব্যাংক থেকে প্রায় ১০ লাখ ভোট খোয়া গেছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জন্য তা বড় বাধা হয়ে দাঁড়াবে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর উদ্বোধন-পরবর্তী বিশৃঙ্খলা ও এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ জানান, বরিশাল অঞ্চলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তারা কয়েকজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এর পর কিছু প্রকল্প এগোতে শুরু করে। তিনি বলেন, ছয় লেন সড়ক ও মীরগঞ্জ সেতু স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নতুন সরকার প্রথমদিকে এসব প্রকল্প বাতিল করলেও তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও তদবিরের কারণে প্রকল্পগুলো আবার অনুমোদন পায়। পরে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং একটি চীনা প্রতিষ্ঠানকে ঠিকাদারি দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, প্রকল্পে কাজ শুরু হওয়ার আগেই বিভিন্ন পক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইট, পাথর, শ্রমিক সরবরাহসহ নানা কাজে চাপ প্রয়োগের চেষ্টা করছে, যা বিদেশি প্রতিষ্ঠানের জন্য আতঙ্কের বিষয়। এসব বিষয়ে তিনি অনুষ্ঠানের পরে মন্তব্য করেছিলেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলকে তিনি উল্লেখ না করা সত্ত্বেও ফেরার পথে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা হয় বলে দাবি করেন।
ফুয়াদের অভিযোগ—গত দুই মাস ধরে তার নির্বাচনী এলাকায় তাদের কর্মীরা নিয়মিত হামলার শিকার হচ্ছেন, কিন্তু থানায় অভিযোগ দিতে গেলেও মামলা নেওয়া হচ্ছে না। প্রশাসনের এই ভূমিকা তাকে বিস্মিত করেছে। তার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতাসীন দলের সঙ্গে নিজেদের অবস্থান বদলে ফেলছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, এলাকাবাসীর কল্যাণে কাজ করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী কিছু মানুষের বিরূপ আচরণ তাকে হতাশ করেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। শুধু বরিশালে নয়, দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের হয়রানির ঘটনা ঘটছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার ফুয়াদ।