জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের লড়াই এখনো শেষ হয়নি। বিচারব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল এবং আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে যে গণরায়ের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই রায়কে প্রশ্নবিদ্ধ করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের লড়াই এখনো শেষ হয়নি। বিচারব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল এবং আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে যে গণরায়ের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই রায়কে প্রশ্নবিদ্ধ করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে।
সোমবার চট্টগ্রামের পাঁচলাইশে কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে এনসিপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের পরিণতি কখনোই ভালো হয় না। অতীতে এমন প্রবণতাই আওয়ামী লীগ সরকারের পতনের পথ তৈরি করেছিল। তিনি হুঁশিয়ার করে বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক এজেন্ডার হাতিয়ারে পরিণত করা হলে তার ফলাফল ভয়াবহ হতে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। জনগণের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নতুন বাংলাদেশের পথচলা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই অঞ্চলে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেবল ঢাকাকেন্দ্রিক নেতৃত্ব দিয়ে এই লড়াই সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের সাধারণ মানুষ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং শ্রমজীবী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে, যাতে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো জায়গা না থাকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।