২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে আঁকা একটি বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড। তিনি অন্তত আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। সোমবার ডালাস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তার অনুমতি ছাড়াই দেয়ালচিত্রটির ওপর নতুন […]
ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে আঁকা একটি বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড। তিনি অন্তত আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
সোমবার ডালাস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তার অনুমতি ছাড়াই দেয়ালচিত্রটির ওপর নতুন করে রং করা হয়েছে। এ ঘটনায় তিনি ফিফা, স্থানীয় আয়োজক কর্তৃপক্ষ, ভবনের মালিক এবং সংশ্লিষ্ট পরিচালনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।
ডালাস শহরের কেন্দ্রস্থলের একটি ভবনের দুই পাশজুড়ে প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার এলাকাজুড়ে বিশাল তিমির চিত্রটি ১৯৯৯ সালে আঁকা হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে এটি শহরের অন্যতম পরিচিত শিল্পনিদর্শন হিসেবে বিবেচিত ছিল। তবে বিশ্বকাপ উপলক্ষে নতুন শিল্পকর্ম স্থাপনের প্রস্তুতির সময় সেটির বড় অংশ ঢেকে ফেলা হয়।
মামলায় ওয়াইল্যান্ড দাবি করেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের “ভিজ্যুয়াল আর্টিস্ট রাইটস অ্যাক্ট” লঙ্ঘন করেছে। আইনটি জনসমক্ষে প্রদর্শিত গুরুত্বপূর্ণ শিল্পকর্মকে বিকৃতি বা ধ্বংসের হাত থেকে সুরক্ষা দেয়, এমনকি ভবনের মালিকানা অন্য কারও হলেও।
শিল্পীর অভিযোগ, বিশ্বকাপের প্রচারণার জন্য “তাড়াহুড়ো করে একটি সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করা হয়েছে।” তার ভাষায়, এটি শুধু একটি দেয়ালচিত্র নয়, বরং ডালাস শহরের দীর্ঘদিনের পরিচয়ের অংশ ছিল।
এদিকে ডালাসের স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, সেখানে নতুন একটি শিল্পকর্ম স্থাপন করা হবে, যা ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে “ঐতিহাসিক মুহূর্ত, বৈশ্বিক ঐক্য ও উদ্দীপনা” তুলে ধরবে। তারা আরও দাবি করেছে, আগের দেয়ালচিত্রের একটি অংশ সংরক্ষণ করা হবে।
তবে ফিফা এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। সংস্থাটির এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেন, দেয়ালচিত্র অপসারণের সিদ্ধান্তে ফিফার কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না।
অন্যদিকে ভবন পরিচালনাকারী প্রতিষ্ঠান স্লেট অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, স্থানীয় আয়োজকেরা মার্চ মাসে নতুন পাবলিক আর্ট স্থাপনের জন্য দেয়াল ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। তাদের দাবি, তারা কোনো আর্থিক সুবিধা নেয়নি এবং শিল্পীকে বিষয়টি জানানো হয়েছিল বলেই তারা ধারণা করেছিল।
তবে রবার্ট ওয়াইল্যান্ড বলছেন, পুরো প্রক্রিয়া তার অজান্তেই সম্পন্ন হয়েছে। এখন আদালতের শুনানির মাধ্যমে বিষয়টির আইনি নিষ্পত্তি হবে।