সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৪৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মানবপাচার চক্রের অভিযুক্ত বাংলাদেশি সাইফুল্লাহ

আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল-মামুন (৩৯)-কে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। গত ৮ জুলাই তাকে যুক্তরাষ্ট্রে আনার পর টেক্সাসের লারেডোর একটি ফেডারেল আদালতে হাজির করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে বাংলাদেশি অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করা একটি আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ […]

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মানবপাচার চক্রের অভিযুক্ত বাংলাদেশি সাইফুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল-মামুন (৩৯)-কে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। গত ৮ জুলাই তাকে যুক্তরাষ্ট্রে আনার পর টেক্সাসের লারেডোর একটি ফেডারেল আদালতে হাজির করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে বাংলাদেশি অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করা একটি আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাইফুল্লাহ।

আদালতের নথি অনুযায়ী, একই চক্রে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মিলন হোসেন (৪৬) ও মোক্তার হোসেন (৩৮)-ও জড়িত ছিলেন।

তদন্তে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলোতে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের থাকার ব্যবস্থা করতেন সাইফুল্লাহ আল-মামুন। এরপর তাদের দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, মধ্য আমেরিকা এবং মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র সীমান্ত পর্যন্ত পৌঁছানোর পুরো যাত্রার সমন্বয় করতেন তিনি।

অন্যদিকে, মোহাম্মদ মিলন হোসেন মেক্সিকোর তাপাচুলায় অভিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করতেন এবং সেখান থেকে তাদের উত্তরাঞ্চলের মনতেরে শহরে পাঠাতেন।

মোক্তার হোসেন মনতেরেতে তাদের থাকার ব্যবস্থা করে রিও গ্রান্দে নদী পেরিয়ে কীভাবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দিতেন। তদন্তকারীদের মতে, এই নদী পার হওয়ার সময় অনেক অভিবাসী চরম ঝুঁকির মুখে পড়তেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় অনেক বাংলাদেশি এই চক্রের সদস্যদের বাংলাদেশভিত্তিক দালালদের মাধ্যমে কয়েক হাজার মার্কিন ডলার পর্যন্ত পরিশোধ করতেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে সাইফুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে।

এদিকে একই মামলায় অভিযুক্ত মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন। আদালত তাদের প্রত্যেককে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

সাইফুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্র, আর্থিক লাভের উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা এবং অবৈধ অভিবাসনে উৎসাহ ও সহযোগিতার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আর্থিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে অভিবাসী যুক্তরাষ্ট্রে আনার অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মামলাটির তদন্তে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, এফবিআই, ইউএস মার্শাল সার্ভিস, ব্রাজিলের ফেডারেল পুলিশ, কলম্বিয়ার জাতীয় পুলিশ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ব্রাজিলে অবস্থিত মার্কিন দূতাবাসসহ একাধিক সংস্থা যৌথভাবে কাজ করেছে।

বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক মানবপাচার ও সীমান্তপারের সংঘবদ্ধ অপরাধ দমনে গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স আলফা (JTFA)-এর আওতায় এ মামলার তদন্ত পরিচালিত হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই টাস্কফোর্সের অভিযানে ৪৬৪ জনের বেশি মানবপাচারকারী ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, ৪১৪ জনের বেশি দোষী সাব্যস্ত হয়েছেন এবং ৩৬০টিরও বেশি মামলায় কারাদণ্ড হয়েছে।

মামলাটি পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মানবাধিকার ও বিশেষ প্রসিকিউশন শাখার ট্রায়াল অ্যাটর্নি স্পেনসার এম. পেরি এবং টেক্সাসের দক্ষিণ জেলার সহকারী যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি লেসলি কর্টেজ।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (U.S. Department of Justice)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ