দেশের বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাধারণ নাগরিকদের পাশাপাশি সাংবাদিকদের ওপরও পুলিশি হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্দোলন নিষিদ্ধ করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেন […]
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাধারণ নাগরিকদের পাশাপাশি সাংবাদিকদের ওপরও পুলিশি হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্দোলন নিষিদ্ধ করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, সম্প্রতি সরকার ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে। এই ধরনের নিয়োগ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যের পরিপন্থী এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারকে দ্রুত একটি স্পষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে। প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, যা উদ্বেগজনক।
আসিফ মাহমুদ আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে এসেছে। অথচ বর্তমানে দলীয় প্রশাসকদের মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করে দলীয় সরকারের অধীনেই নির্বাচন আয়োজনের পথ সুগম করা হচ্ছে। তিনি সরকারের প্রতি দ্রুত সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হওয়ার আগেই জনগণের সমর্থনে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে জাতীয় নির্বাচনে প্রার্থী ও জোট ঘোষণা শেষ মুহূর্তে হওয়ায় দলটি যথাযথ প্রস্তুতি নিতে পারেনি।
তিনি জানান, এ কারণেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অন্য সব দলের আগেই এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটি দেশের প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
জোট রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, একাদশ দলীয় জোট জাতীয় নির্বাচনে একসঙ্গে কাজ করলেও স্থানীয় নির্বাচনে আপাতত এনসিপি এককভাবেই মাঠে নামবে। জামায়াতও আলাদাভাবে কার্যক্রম শুরু করেছে। তবে দেশের স্বার্থে প্রয়োজন হলে নির্বাচনের শেষ পর্যায়ে জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি দলীয় নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং অন্যান্য রাজনৈতিক দলের ত্যাগী ও অবমূল্যায়িত নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদ এমপি বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি জানান, নির্বাচনের সময় সারাদেশে এনসিপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। এমনকি তার নিজের গাড়িতেও ছয়টি কোপ দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হাতিয়াসহ বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর এখনও হামলা অব্যাহত রয়েছে। এসব ঘটনার বিষয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশজুড়ে চলমান এই অরাজক পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরা জরুরি।