ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে শহরে পা রাখা সেলেসাওদের ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে ভক্ত ও উৎসুক জনতাকে দূরে রাখতে মোতায়েন ছিল পুলিশ। রাত পৌনে ৯টার দিকে ব্রাজিলের বিমান কলকাতায় অবতরণ করে। এরপর দলের সদস্যদের নিয়ে […]
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে শহরে পা রাখা সেলেসাওদের ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে ভক্ত ও উৎসুক জনতাকে দূরে রাখতে মোতায়েন ছিল পুলিশ।
রাত পৌনে ৯টার দিকে ব্রাজিলের বিমান কলকাতায় অবতরণ করে। এরপর দলের সদস্যদের নিয়ে সবুজ-হলুদ রঙের দুটি বাস ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে। নিরাপত্তা এতটাই আঁটসাঁট ছিল যে বিমানবন্দরের আশপাশে বা যাত্রাপথের দুই ধারে দাঁড়ানোর সুযোগ পাননি সমর্থকেরা।
৯০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার মাত্র ১১ মিনিটে বিমানবন্দর এলাকা ছেড়ে যায়। সেখান থেকে হোটেলে পৌঁছাতে সময় লাগে আট মিনিট। টিম হোটেলের চারপাশেও ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।
হোটেলের লবিতে ‘ভিনি ভিনি’ ধ্বনি
হোটেলের ভেতরে উপস্থিত কয়েকজন দর্শক ব্রাজিলের তারকাদের এক ঝলক দেখার সুযোগ পান। হলুদ ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখামাত্র লবিতে ‘ভিনি ভিনি’ বলে স্লোগান ওঠে। ফুটবলারদের পরনে ছিল জলপাই-সবুজ হুডি, শর্টস এবং হলুদ ক্যাপ। চোটের কারণে রাফিনিয়াকে ছাড়াই ভারতে এসেছে ব্রাজিল।
কর্মসূচি
শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগের দিন শুক্রবার (২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে বসার কথা কোচ কার্লো আনচেলত্তির। তাঁর সঙ্গে থাকবেন দলের একজন খেলোয়াড়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল। এরপর পুরো দল হোটেলে ফিরবে। সেদিন আর কোনো কর্মসূচি নেই।