সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২৫ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

ভারতীয় অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

ভারতীয় তিনটি সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন মার্কিন ফেডারেল প্রসিকিউটররা। অভিযুক্তদের মধ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক পর্যায়ে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি, […]

ভারতীয় অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারতীয় তিনটি সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন মার্কিন ফেডারেল প্রসিকিউটররা। অভিযুক্তদের মধ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক পর্যায়ে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি, মাদক পাচার, টার্গেট কিলিং এবং সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ২০২৩ সালে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্টতার অভিযোগও।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, কয়েক বছর ধরে পরিচালিত একটি বিস্তৃত তদন্তের ফলাফল হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ভারতীয় এসব অপরাধচক্র উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে সংগঠিত অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করছিল।

মঙ্গলবার প্রকাশিত তিনটি পৃথক অভিযোগপত্রে মোট ৩৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে বিভিন্ন দেশে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এসাইলি এক বিবৃতিতে বলেন, ভয়, মাদক ও সহিংসতার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধচক্রগুলো বহু বছর ধরে বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করেছে। এখন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, এসব অপরাধীর জন্য পৃথিবীর কোথাও নিরাপদ আশ্রয় নেই।

৪৫ বছর বয়সী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি গুরুদুয়ারার পার্কিং এলাকায় গুলিতে নিহত হন। মুখোশধারী দুই বন্দুকধারী তার গাড়ির ভেতরে হামলা চালিয়েছিল।

নিজ্জার ছিলেন স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার দাবির অন্যতম সমর্থক। ভারতের পাঞ্জাবকে কেন্দ্র করে পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে তিনি দীর্ঘদিন প্রচার চালিয়ে আসছিলেন।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, ভারতের পাঞ্জাবের বাসিন্দা ৩৩ বছর বয়সী লরেন্স বিষ্ণোই এবং ৩২ বছর বয়সী সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। অভিযোগপত্রে নিরাপত্তাজনিত কারণে হরদীপ সিং নিজ্জারকে সংক্ষেপে ‘এইচএসএন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গোল্ডি ব্রার এখনও পলাতক রয়েছেন। অন্যদিকে লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকেই ভারতে কারাগারে বন্দি।

গত বছর কানাডা আনুষ্ঠানিকভাবে বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর ফলে সংগঠনটির সম্পদ জব্দ এবং আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা কানাডা সরকারের হাতে আসে।

২০২৪ সালে নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার ভারতীয় নাগরিককে কানাডায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে ওই চারজন বিচারাধীন রয়েছেন।

মঙ্গলবারের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন দেশে প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালাত। পরে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ চাঁদা হিসেবে আদায়ের চেষ্টা করত।

প্রসিকিউটরদের দাবি, বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং তাদের সহযোগীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে এক ব্যক্তির কাছে ৫০ লাখ মার্কিন ডলার দাবি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এক হাজার কেজি কোকেন, এক কেজি হেরোইন, প্রায় ৪০ হাজার মার্কিন ডলার নগদ অর্থ এবং এক ডজন আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধচক্রগুলোর অর্থায়ন, অস্ত্র সরবরাহ এবং আন্তঃদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত এখনও চলমান রয়েছে। ভবিষ্যতে আরও গ্রেপ্তার ও নতুন অভিযোগ আনার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ