বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পর ভারতের ঘনিষ্ঠ মিত্র বা ‘দ্বিতীয় দালাল’ হিসেবে পরিচিত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির (জাপা) কার্যত রাজনৈতিক পতন ঘটেছে। এক সময় বৃহত্তর রংপুর অঞ্চল ছিল দলটির শক্ত ঘাঁটি। তবে এবারের নির্বাচনে সারা দেশে প্রায় ২০০টি আসনে প্রার্থী দিলেও দলটি একটি আসনেও বিজয় অর্জন করতে পারেনি। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পর ভারতের ঘনিষ্ঠ মিত্র বা ‘দ্বিতীয় দালাল’ হিসেবে পরিচিত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির (জাপা) কার্যত রাজনৈতিক পতন ঘটেছে। এক সময় বৃহত্তর রংপুর অঞ্চল ছিল দলটির শক্ত ঘাঁটি। তবে এবারের নির্বাচনে সারা দেশে প্রায় ২০০টি আসনে প্রার্থী দিলেও দলটি একটি আসনেও বিজয় অর্জন করতে পারেনি।
রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ৩০টিতে প্রার্থী দিয়েছিল জাপা। কিন্তু রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী—কোনো জেলাতেই তারা জয় পায়নি। এসব আসনে মূলত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ব্যাপক সাফল্য অর্জন করে। অধিকাংশ জায়গায় দাঁড়িপাল্লা প্রতীকের কাছে লাঙ্গল প্রতীকের ভরাডুবি ঘটে। দুটি আসনে জয় পায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক। কোথাও কোথাও বিএনপির সঙ্গে জামায়াত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।
১৯৯০ সালে সামরিক শাসক এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টি বৃহত্তর রংপুর অঞ্চলে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। পরবর্তী কয়েকটি নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে জোট রাজনীতিতে যুক্ত থাকার ফলে দলটি ক্রমে জনসমর্থন হারাতে থাকে এবং ২০২৪ সালের আগস্টের পর থেকে অস্তিত্ব সংকটে পড়ে।
আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, পাশাপাশি ‘নিয়ন্ত্রিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি—এই সবকিছু মিলিয়ে জাতীয় পার্টির ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এর ফল হিসেবে শুধু দেশজুড়েই নয়, এরশাদের নিজ এলাকা রংপুরেও দলটির রাজনৈতিক ভিত্তি ভেঙে পড়ে। চার দশকের ইতিহাসে এই প্রথম জাপা কোনো সংসদীয় আসনে জয় পায়নি। দলীয় কোন্দলও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চেয়ারম্যান জিএম কাদের, রওশন এরশাদ ও আনিসুল ইসলাম মাহমুদ—এই তিনটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় দলটির সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে গেছে।
গত ১৭ বছরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন করত জাতীয় পার্টি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে ১১টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে চলতি নির্বাচনে সেই সমীকরণ আর কার্যকর হয়নি।
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে অনেকেই ‘ভারতঘনিষ্ঠ রাজনীতিক’ হিসেবে আখ্যায়িত করেন। ২০২৩ সালের আগস্টে ভারত সফর শেষে দেশে ফিরে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে এবং ভারতের অনুমতি ছাড়া এসব বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। সে সময় তিনি আরও বলেছিলেন, ভারত বাংলাদেশে একটি ‘ভালো নির্বাচন’ দেখতে চায়। ওই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
সর্বশেষ নির্বাচনের পর জিএম কাদের দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ তাদের দলকে চাপ ও ব্ল্যাকমেইলের মুখে ফেলেছিল। বর্তমানে তিনি দেশের স্বার্থে কাজ করার কথা বললেও সাধারণ ভোটারদের আস্থা ফিরে পায়নি জাতীয় পার্টি। ফলস্বরূপ দলটি একটি আসনও পায়নি, বরং অধিকাংশ প্রার্থীর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে।
সব মিলিয়ে, এক সময়ের শক্তিশালী এই রাজনৈতিক দলটি এখন গভীর সংকটের মুখে দাঁড়িয়ে—যা অনেকের চোখে জাতীয় পার্টির দীর্ঘ রাজনৈতিক যাত্রার এক করুণ অধ্যায়ের সমাপ্তি।