সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ

ঢাকা-১০ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র নেন। এর মধ্য দিয়ে তাঁর […]

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা-১০ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র নেন। এর মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রস্তুতির বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ওই পদত্যাগের পর থেকেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছিল।

উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে দাঁড়াবেন, তা নিয়ে জল্পনা ছিল ব্যাপক। কেউ মনে করছিলেন তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, আবার কেউ ধারণা করেছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে বিএনপি জোটের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ১২ ডিসেম্বর তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করেন—কোনো দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-১০ আসনে লড়বেন।

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে এরই মধ্যে একাধিক শক্তিশালী প্রার্থী মাঠে নামায় প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। যদিও জাতীয় নাগরিক পার্টি এখনো এই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর ধানমন্ডি এলাকায় আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আলোচিত এই সমন্বয়কের নির্বাচনে অংশগ্রহণ তরুণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সব প্রক্রিয়া শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এবার ভোট গ্রহণের সময়ও বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৩০০টি সংসদীয় আসনের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে প্রায় ১২ কোটি ৭৬ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে। সে কারণে ভোটকক্ষ ও গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হচ্ছে। সংসদ নির্বাচনে সাদা রঙের ব্যালট পেপার এবং গণভোটে গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ