কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। সাবেক অধিনায়কদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানে দেওয়া এক বিবৃতিতে লারা বলেন, ক্রিকেট মাঠে ইমরান খানের বিপক্ষে খেলার সুযোগ তার হয়েছে অল্প কয়েকবার। তবে সেই অল্প সময়েই ইমরানের […]
ছবি: সংগৃহীত
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।
সাবেক অধিনায়কদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানে দেওয়া এক বিবৃতিতে লারা বলেন, ক্রিকেট মাঠে ইমরান খানের বিপক্ষে খেলার সুযোগ তার হয়েছে অল্প কয়েকবার। তবে সেই অল্প সময়েই ইমরানের প্রতি তার গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল, যা এখনো অটুট রয়েছে।
ইমরানের ক্রিকেটজীবনের প্রভাবের কথা স্মরণ করে লারা বলেন, একসময় যে মানুষটি নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি এখন ন্যূনতম যত্ন, সহানুভূতি ও সম্মান থেকেও বঞ্চিত হচ্ছেন—এটি মেনে নেওয়া কঠিন।
ইমরানের জন্য ‘উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসা’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে লারা বলেন, একজন মানুষ হিসেবে তার যে মর্যাদা প্রাপ্য, সেটিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
লারার ভাষায়, এটি রাজনীতির প্রশ্ন নয়; বরং ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার বিষয়।
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাবেক অধিনায়কেরা পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান। পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানের মতো ব্যক্তিরাও তার পাশে দাঁড়ান।
১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
ক্ষমতা হারানোর পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন ইমরান। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।