মৃত বন্ধু ডিয়োগো জোতার নাম ধরে গ্যালারি থেকে কটূক্তি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ধরনের আচরণ করা সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা। শনিবার সৌদি প্রো লিগে আল তাওয়ুনের মাঠে আল হিলালের ম্যাচে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল হিলালের হয়ে ফ্রি-কিক নেওয়ার […]
ছবি: সংগৃহীত
মৃত বন্ধু ডিয়োগো জোতার নাম ধরে গ্যালারি থেকে কটূক্তি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ধরনের আচরণ করা সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা।
শনিবার সৌদি প্রো লিগে আল তাওয়ুনের মাঠে আল হিলালের ম্যাচে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল হিলালের হয়ে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেন নেভেস। এ সময় গ্যালারি থেকে ‘জোতা, জোতা, জোতা’ স্লোগান দিয়ে তাকে বিদ্রূপ করা হয়।
নেভেস প্রথমে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেন এবং সমর্থকদের দিকে থাম্বস আপ দেখান। পরে আকাশের দিকে ও নিজের চোখের দিকে ইঙ্গিত করে গ্যালারির দিকে আঙুল তোলেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন নেভেস। তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, তারা যা করেছে, তার পর পরে যেন প্রার্থনা করতে না যায়।’
নেভেসের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে সরব হন রোনালদো। আল নাসরের এই তারকা জাতীয় দলে নেভেস ও জোতার সতীর্থ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশ করে সৌদি প্রো লিগের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
রোনালদো লিখেছেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়, এটার অবশ্যই সীমা থাকতে হবে। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনও স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।’
২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে নিহত হন ডিয়োগো জোতা। পর্তুগাল জাতীয় দলে তার সতীর্থ ছিলেন রোনালদো ও নেভেস।
শুধু জাতীয় দলেই নয়, নেভেস ও জোতার বন্ধুত্বের শুরু আরও আগে। পর্তুগালের যুব দল ও পোর্তোর বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলার সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও সতীর্থ ছিলেন তারা।
জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। গত বছর জোতার পর্তুগাল দলের ২১ নম্বর জার্সিও নিজের করে নেন তিনি।