বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকো সিটিজুড়ে শুরু হয় ব্যাপক উদযাপন। তবে আনন্দ-উল্লাসের সেই রাতেই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে শ্বাসরোধ হয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকো সিটিজুড়ে শুরু হয় ব্যাপক উদযাপন। তবে আনন্দ-উল্লাসের সেই রাতেই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে শ্বাসরোধ হয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে শ্বাসরোধের ঘটনা ঘটে এবং তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকটি গণমাধ্যম আরও একজনের মৃত্যুর খবর দিলেও কর্তৃপক্ষ শুরুতে তা নিশ্চিত করেনি।
মেক্সিকোর জাতীয় দল ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় এবং শেষ ষোলো নিশ্চিত করে। এই ঐতিহাসিক সাফল্যের পর হাজার হাজার সমর্থক রাজধানীর রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন।
শহর প্রশাসনের হিসাব অনুযায়ী, শুধু রাজধানী মেক্সিকো সিটিতেই প্রায় ১০ লাখের বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছিল। সবচেয়ে বেশি ভিড় ছিল শহরের প্রতীকী স্থাপনা ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভ এবং এর আশপাশের এলাকায়।
ঘটনার পর মেক্সিকো সিটির কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বড় জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানিয়েছে।