বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সহযোগিতা এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হয়েছে এবং আগামী দিনেও তা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের দৃঢ় অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা বাংলাদেশের জনগণের কাছে ইতিবাচক বার্তা বহন করেছে এবং দুই দেশের পারস্পরিক আস্থাকে আরও শক্তিশালী করেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহযোগিতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের বিকল্প নেই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে তুলে ধরে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।