আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলকে নিজেদের দেশে বেজক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র ইরানি দলকে টুর্নামেন্ট চলাকালে নিজ ভূখণ্ডে অবস্থানের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় মেক্সিকো সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা কোনো দলকে কেবল রাজনৈতিক […]
ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলকে নিজেদের দেশে বেজক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র ইরানি দলকে টুর্নামেন্ট চলাকালে নিজ ভূখণ্ডে অবস্থানের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় মেক্সিকো সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা কোনো দলকে কেবল রাজনৈতিক কারণে প্রত্যাখ্যান করার যৌক্তিকতা নেই। তাই ইরানের দলকে মেক্সিকোতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও ভিসা ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে ওয়াশিংটন তাদের দীর্ঘমেয়াদি অবস্থানের অনুমোদন দেয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ফিফা বিকল্প সমাধান খুঁজতে মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানিয়েছেন, আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দলের বেজক্যাম্প করার পরিকল্পনা থাকলেও সেটি পরিবর্তন করে এখন মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হয়েছে। এর ফলে খেলোয়াড়রা সরাসরি মেক্সিকোতে পৌঁছে সেখান থেকে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন।
বিশ্লেষকদের মতে, চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অবনতির প্রভাব এবার ক্রীড়াঙ্গনেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে মেক্সিকোর এই সিদ্ধান্তকে অনেকে খেলাধুলার নিরপেক্ষতা ও আন্তর্জাতিক অংশগ্রহণের পক্ষে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম এবং শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে।