যুক্তরাষ্ট্রজুড়ে তাজা ফলমূল ও শাকসবজির মাধ্যমে ছড়িয়ে পড়ছে সাইক্লোস্পোরিয়াসিস নামের একটি পরজীবীজনিত অন্ত্রের সংক্রমণ। চলতি গ্রীষ্মে রোগটির প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত মে মাস থেকে এখন পর্যন্ত ৩১টি অঙ্গরাজ্যে অন্তত ৮৪০ জনের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে প্রকৃত আক্রান্তের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে তাজা ফলমূল ও শাকসবজির মাধ্যমে ছড়িয়ে পড়ছে সাইক্লোস্পোরিয়াসিস নামের একটি পরজীবীজনিত অন্ত্রের সংক্রমণ। চলতি গ্রীষ্মে রোগটির প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত মে মাস থেকে এখন পর্যন্ত ৩১টি অঙ্গরাজ্যে অন্তত ৮৪০ জনের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা এখনও সংক্রমণের সুনির্দিষ্ট উৎস শনাক্ত করার চেষ্টা করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, Cyclospora cayetanensis নামের অণুবীক্ষণিক পরজীবীর কারণে এ রোগ হয়। দূষিত ফল, শাকসবজি বা পানির মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে এবং অন্ত্রে সংক্রমণ সৃষ্টি করে। তবে এটি একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে সরাসরি ছড়ায় না।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক নারী, যিনি সম্প্রতি এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, জানান এটি তার জীবনের সবচেয়ে ভয়াবহ অসুস্থতার অভিজ্ঞতা। কয়েক দিন ধরে তীব্র পেটব্যথা, ডায়রিয়া ও খাবার গ্রহণে অক্ষমতার কারণে মাত্র এক সপ্তাহেই তার প্রায় ১০ পাউন্ড ওজন কমে যায়। পরে সঠিক রোগ শনাক্ত হওয়ার পর অ্যান্টিবায়োটিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. আরিয়েল মালামুদ জানান, সংক্রমণের সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। রোগীদের তীব্র ডায়রিয়া, বমি, বমি বমি ভাব, পেটব্যথা এবং হালকা জ্বর হতে পারে। চিকিৎসা না নিলে এসব উপসর্গ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে অথবা মাঝেমধ্যে কমে গিয়ে আবার ফিরে আসতে পারে। তবে সময়মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে রোগটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যান্ডিস ক্রিশ্চিয়ান বলেন, ফল ও শাকসবজি ব্যবহারের আগে সেগুলো ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শসা, তরমুজ বা শক্ত খোসার ফল ও সবজি শুধু পানিতে ধুলেই যথেষ্ট নয়; সেগুলো ভেজিটেবল ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা উচিত। পাশাপাশি সব ধরনের ফল ও সবজি প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে, প্রয়োজন হলে খোসা ছাড়িয়ে অথবা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মকালে তাজা কৃষিপণ্য বেশি ব্যবহৃত হওয়ায় এ ধরনের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই খাদ্য প্রস্তুত ও গ্রহণের আগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।