যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩৬ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে হামজনিত মৃত্যুর এটিই প্রথম ঘটনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা শিশুটির পরিচয় ও মৃত্যুর স্থান পরিবারের গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ হিসেবে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩৬ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে হামজনিত মৃত্যুর এটিই প্রথম ঘটনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা শিশুটির পরিচয় ও মৃত্যুর স্থান পরিবারের গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ হিসেবে হামের কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্ট করোনার বা মৃত্যুর কারণ নির্ধারণকারী কর্মকর্তা। তবে শিশুটির বয়স কিংবা সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি উইসকনসিনের স্বাস্থ্যসেবা বিভাগ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের সচিব কার্স্টেন জনসন। তিনি বলেন, শিশুটির পরিবারের জন্য তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে। কোনো শিশুর মৃত্যু সব সময়ই মর্মান্তিক। আর টিকা দিয়ে প্রতিরোধযোগ্য একটি রোগে এমন মৃত্যু আরও বেশি বেদনাদায়ক।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ব্যাপক টিকাদানের মাধ্যমে দেশটিতে রোগটির স্থানীয় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় নতুন করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশের টিকা নেওয়া প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় টিকাদানের হার সেই লক্ষ্যমাত্রার নিচে নেমে গেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট চারটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। পেনসিলভানিয়ায় চলতি বছর হামে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। সেখানে আরও একজনের মৃত্যু হামের কারণে হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
উইসকনসিনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মাত্র তিনজন ছাড়া বাকি সবাই টিকা নেননি। এ ছাড়া হাম নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নয়জনকে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), বাংলা ট্রিবিউন