ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রূপ নিয়েছে। রাজধানীর শাহবাগসহ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে একই দিনে পৃথক ঘটনায় দুই সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়ান। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাজধানীর শাহবাগ এলাকায় রাত ৮টার দিকে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। শাহবাগ […]
ছবি: সংগৃহীত
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রূপ নিয়েছে। রাজধানীর শাহবাগসহ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে একই দিনে পৃথক ঘটনায় দুই সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়ান। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজধানীর শাহবাগ এলাকায় রাত ৮টার দিকে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। শাহবাগ থানার সামনে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আত্মরক্ষার্থে শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।
তবে অভিযোগ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত থাকাকালেই ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার ভেতরে প্রবেশ করে মুসাদ্দিকের ওপর হামলা চালায়, এতে তিনি আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষই পাল্টাপাল্টি ধাওয়া দেয়, ফলে পুরো এলাকা উত্তেজনায় পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ডাকসুর ওই দুই নেতাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে একই ধরনের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ার ঘটনার পর উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
অধ্যক্ষ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠে আসে।
ঘটনাগুলোর বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সংঘর্ষ, সংগঠনগত কোনো সম্পৃক্ততা নেই। তবে ছাত্রশিবিরের দাবি, ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ‘গুপ্ত লেখা’ ইস্যুতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়, যাতে প্রায় ২০ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
বৃহস্পতিবারের ধারাবাহিক এই সংঘর্ষগুলো ছাত্ররাজনীতির মাঠে নতুন করে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।