সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৪২ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

রাজনীতি কি বিশ্বকাপকে প্রভাবিত করছে? বাড়ছে বিতর্ক, ম্লান হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য

বিশ্বকাপ শুরুর আগ থেকেই ফুটবল ঘিরে নানা ধরনের বিতর্ক ও বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। মাঠে খেলা শুরু হওয়ার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে রেফারিদের সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতাকে ঘিরে। অনেকের মতে, এসব কারণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়ছে। সবশেষ বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে অতিরিক্ত সময়ের একেবারে […]

রাজনীতি কি বিশ্বকাপকে প্রভাবিত করছে? বাড়ছে বিতর্ক, ম্লান হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ শুরুর আগ থেকেই ফুটবল ঘিরে নানা ধরনের বিতর্ক ও বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। মাঠে খেলা শুরু হওয়ার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে রেফারিদের সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতাকে ঘিরে। অনেকের মতে, এসব কারণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়ছে।

সবশেষ বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সেই পেনাল্টির মাধ্যমে সেনেগাল বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে সিদ্ধান্তটি আদৌ সঠিক ছিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে এখনো আলোচনা-সমালোচনা চলছে।

এর আগে ইরানকে এক ধরনের ‘জোর করে’ হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইভাবে জার্মানির একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে ব্যাপকভাবে। অনেক সমর্থক ও বিশ্লেষক এবারের আসরকে ইতিহাসের অন্যতম বিতর্কিত বিশ্বকাপ বলেও উল্লেখ করছেন।

ফিফা বরাবরই দাবি করে, ফুটবল রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে অবস্থান করে এবং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ভিন্ন বাস্তবতা সামনে এনেছে। অনেকের মতে, কোন দেশের নাগরিক ভ্রমণ করতে পারবে, কে অংশ নেবে কিংবা কে প্রতিনিধিত্ব করবে—এসব ক্ষেত্রেও ভূরাজনীতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

বিশ্বকাপ শুরুর প্রথম দিকেই যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বেশ কিছু জটিলতা তৈরি হয়। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, কয়েকজন রেফারি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি, অ্যাক্রিডিটেশনধারী কিছু পেশাজীবীকে ফেরত পাঠানো হয়েছে এবং বিভিন্ন কর্মকর্তা ভিসা জটিলতায় পড়েছেন। পাশাপাশি কিছু দেশের খেলোয়াড় ও প্রতিনিধিদল ইমিগ্রেশন সংক্রান্ত হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে শুরু থেকেই বিশ্বকাপকে ঘিরে বিতর্ক তৈরি হয়।

মাঠের খেলায়ও বিতর্ক কম হয়নি। অনেকের অভিযোগ, ভিএআরের অতিরিক্ত ব্যবহার ফুটবলের স্বাভাবিক গতি ও সৌন্দর্য নষ্ট করছে। জার্মানির বিদায়, ইরানের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া কিংবা সেনেগালের নাটকীয় পরাজয়—সব ক্ষেত্রেই রেফারিং সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে।

সেনেগালের বিপক্ষে ম্যাচের ১২৫তম মিনিটে দেওয়া পেনাল্টি নিয়ে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না।’

আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি রয় কিন বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটা একটু বেশিই কঠোর হয়ে গেছে, আর রেফারিও মনিটর দেখতে বেশি সময় নিয়েছেন। রেফারির সিদ্ধান্তে একটা দৃঢ়তা থাকা উচিত, অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন।’

সুইডেনের সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেনেগালকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে। তার মতে, বেলজিয়ামের খেলোয়াড় সংঘর্ষটিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছেন এবং রেফারি সেই প্রভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

আইটিভির স্টুডিওতে গ্যারি নেভিল আরও বলেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না।’

খেলার ওই মুহূর্তে সেনেগালের খেলোয়াড় কামারা এবং বেলজিয়ামের তিলেমান্সের মধ্যে শরীরী সংঘর্ষ হয়েছিল ঠিকই, তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সেটিকে পেনাল্টি হিসেবে গণ্য করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সেনেগালের জন্য বিষয়টি আরও কষ্টের হয়ে দাঁড়িয়েছে, কারণ চলতি বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালেও একই ধরনের বিতর্কিত ভিএআর সিদ্ধান্তের শিকার হয়েছিল দলটি। সেবার ক্ষোভে কোচ পাপে থিয়াও দল নিয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তা না করলেও কান্নাভেজা চোখে বিদায় নিতে হয়েছে তাদের।

অন্যদিকে শেষ বত্রিশের ম্যাচে কর্নার থেকে জার্মানি গোল করলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় তাদের বিশ্বকাপ যাত্রাও শেষ হয়ে যায়।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘানার এক খেলোয়াড় পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলেও রেফারি কোনো পেনাল্টি দেননি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ম্যাচ চলাকালে বাধ্যতামূলক জলপান বিরতি বা ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও সমালোচনা হয়েছে। কারণ অনেকের মতে, সম্প্রচারকারী টেলিভিশন সংস্থাগুলো এই বিরতিকে বিজ্ঞাপন প্রদর্শনের অতিরিক্ত সুযোগ হিসেবে ব্যবহার করেছে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপকে ঘিরে মাঠের খেলার পাশাপাশি রাজনীতি, প্রযুক্তি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে এসব বিতর্ক ভবিষ্যতে ফিফার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ