জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে ডা. জারা জানান, খিলগাঁওয়ে বেড়ে ওঠা একজন নাগরিক হিসেবে নিজ এলাকার মানুষের সেবা […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে ডা. জারা জানান, খিলগাঁওয়ে বেড়ে ওঠা একজন নাগরিক হিসেবে নিজ এলাকার মানুষের সেবা করাই তাঁর আজীবনের স্বপ্ন। সংসদ সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্য থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো দল বা জোটের ব্যানারে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা বাস্তবায়নের পথ হিসেবেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর কোনো দলীয় কার্যালয় বা সংগঠিত কর্মীবাহিনী থাকবে না। জনগণই হবে তাঁর একমাত্র শক্তি ও ভরসা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকারের পক্ষে এলাকাবাসীর সমর্থন কামনা করেন তিনি।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। এ লক্ষ্যে আগামীকাল থেকেই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান ডা. জারা। তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, আগে যারা দলীয় প্রার্থী হিসেবে তাঁকে ভেবে নির্বাচনি তহবিলে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ অর্থ ফেরত চাইলে নির্ধারিত ফর্ম পূরণ ও ট্রানজেকশন আইডি যাচাই সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় সেই অর্থ ফেরত দেওয়া হবে।