সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:০১ অপরাহ্ন, ৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, ১১ দলীয় জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলীয়ভাবে নয়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছে তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে […]

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, ১১ দলীয় জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলীয়ভাবে নয়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছে তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। জামায়াতের নেতাদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার নামও বিবেচনায় রয়েছে। তবে প্রার্থী হিসেবে কোনো সংসদ সদস্যকে না রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

রোববারের জোট বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনা হবে। সেখানেই সম্ভাব্য প্রার্থী বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ