ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, সাবেক সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির ভাষণ সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। বৃহস্পতিবার সংসদের প্রথম দিনের অধিবেশনে ভাষণ দেন মো. সাহাবুদ্দিন। তার ভাষণ শুরু হওয়ার আগেই সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরে জুলাই […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, সাবেক সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির ভাষণ সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
বৃহস্পতিবার সংসদের প্রথম দিনের অধিবেশনে ভাষণ দেন মো. সাহাবুদ্দিন। তার ভাষণ শুরু হওয়ার আগেই সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরে জুলাই ঐক্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ আন্দোলনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা–র সরকারের পতন ঘটে। সংগঠনটির দাবি, ওই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা প্রাণ হারান এবং বহু মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেন। সেই সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়াকে তারা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।
জুলাই ঐক্যের ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি একাধিকবার শপথ ভঙ্গ করেছেন। তাদের মতে, শহীদের রক্তের বিনিময়ে গঠিত সংসদে সাবেক সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির ভাষণ দেওয়া উচিত নয়।
সংগঠনটি আরও অভিযোগ করে, রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে আপস করেছে। তাদের দাবি, জুলাইয়ের শপথ গ্রহণ না করে বিএনপি আন্দোলনের মূল চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনের ফলেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং অনেক রাজনৈতিক নেতার দেশে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই ওই আন্দোলনের চেতনা অস্বীকার করলে তার রাজনৈতিক পরিণতি গুরুতর হতে পারে বলে সতর্ক করে সংগঠনটি।
জুলাই ঐক্য আরও দাবি জানায়, সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।