জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমনটি হলে তিনশ’ সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহির আওতায় আসতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমনটি হলে তিনশ’ সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহির আওতায় আসতে হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, সংসদের মর্যাদা ও পবিত্রতা রক্ষার স্বার্থে প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া শুরু করা জরুরি। তার ভাষায়, কোনোভাবেই এই সংসদের যাত্রা রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে শুরু হতে পারে না। যদি তা করা হয়, তাহলে এনসিপি জনগণের পক্ষ থেকে তিনশ’ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে এবং তাদের জবাবদিহির মুখোমুখি করবে।
তিনি আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের কাছে প্রত্যাশা থাকবে—তারা যেন জনগণের রায়কে সম্মান জানিয়ে প্রথম অধিবেশনকে কোনো বিতর্কিত বক্তব্যের মাধ্যমে কলঙ্কিত না করেন।
সংবাদ সম্মেলনে ‘জুলাই সনদ’ প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, শুরু থেকেই এ সনদকে প্রশ্নবিদ্ধ করার নানা চেষ্টা চলেছে। ঐকমত্য কমিশনের আলোচনার সময় বিএনপির বিভিন্ন মহল থেকে আদালতের মাধ্যমে ভিন্ন পথে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলেও দাবি করেন তিনি। সাম্প্রতিক আদালতের শুনানি সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখপাত্র বলেন, যে বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছিল এবং গণভোটের মাধ্যমে জনসমর্থন পেয়েছিল, সেগুলো এখন ‘পিক অ্যান্ড চুজ’ পদ্ধতিতে বাছাই করে সংস্কারের কথা বলা হচ্ছে। তিনি সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাবকে এক ধরনের লোকদেখানো উদারতা হিসেবেও আখ্যা দেন।
সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন। অন্যথায় যে নির্দেশনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা লঙ্ঘিত হবে এবং এতে বড় ধরনের আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, সংবিধান নতুন করে প্রণয়নের পরিবর্তে আবারও সংশোধনের পথে হাঁটছে সরকার। ১৯৭২ সালের সংবিধানকে অক্ষুণ্ন রাখার নামে আগের মতো দলীয় স্বার্থে কাটাছেঁড়া অব্যাহত রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন সংবিধান প্রণয়নের ঐতিহাসিক সুযোগ নষ্ট করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এনসিপি একটি টেকসই ও নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবে।
এ সময় দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।