সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তবে কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি তিনি। প্রসঙ্গত, ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা […]
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তবে কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
প্রসঙ্গত, ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সেবার বিষয়ে আলোচনা হয়।
রাত ৯টা থেকে টানা আড়াই ঘণ্টা বৈঠক চলে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ অবস্থা বৈঠকে তুলে ধরেন।
বেগম জিয়ার অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এ সংক্রান্ত বিষয় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাহেব সংবাদমাধ্যমকে বলবেন।
এদিকে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, তার দেশে ফেরা নিয়ে সরকারের কোন আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সকল প্রকার সহযোগিতা করা হবে। এমনকি পাসপোর্ট না থাকায় তারেক রহমানকে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে আসার ব্যবস্থা করা হবে বলেও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকের পর সালাহউদ্দিন আহমেদ বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এখানে নির্বাচনভিত্তিক এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রচারের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে সবশেষে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, উনি শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ।