বর্তমান সরকারের ভেতরে নতুন করে ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যেভাবে লুটপাট ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছিল, একই ধরনের প্রবণতা এখনো বন্ধ হয়নি। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা […]
ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের ভেতরে নতুন করে ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যেভাবে লুটপাট ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছিল, একই ধরনের প্রবণতা এখনো বন্ধ হয়নি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের বাজেট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির ছায়া বাজেট প্রণয়ন কমিটি।
নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হতো যদি সরকার জনগণের আস্থা ধরে রাখতে পারত এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করত। তার অভিযোগ, জুলাই সনদে যেসব সংস্কারের কথা বলা হয়েছিল, সেগুলোর অনেকটাই এখন থেমে আছে।
তিনি আরও বলেন, “আমরা এখনো অর্থনৈতিক সংস্কারের জায়গায় পৌঁছাতে পারিনি। বরং সরকারে কে নতুন করে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে, সেই প্রতিযোগিতা চলছে।”
দেশীয় বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, বিতর্কিত ব্যবসায়ী ও ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ অবস্থানে রেখে অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তার ভাষ্য, বড় করপোরেট গোষ্ঠীগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে পার পেয়ে যায়, অথচ ক্ষুদ্র ঋণগ্রহীতারা কঠোর শাস্তির মুখে পড়েন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, এই নিয়োগের পর দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা আরও বেড়েছে।
আলোচনা সভায় এনসিপির নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। তাদের মতে, দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে বাজেটে সামাজিক খাতগুলোকে অগ্রাধিকার দিতে হবে।