জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারের বিভিন্ন কার্ড ও প্রতিশ্রুতি কার্যকর না হলে জনগণ শেষ পর্যন্ত সরকারকে “লাল কার্ড” দেখাবে। বুধবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এনসিপির কৃষি সেল আয়োজিত ওই সেমিনারের শিরোনাম ছিল— ধান কেনার মৌসুমে সরকারি শর্ত, অসময়ের অতিবৃষ্টি এবং কৃষকের সংকট। নাসীরুদ্দীন […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারের বিভিন্ন কার্ড ও প্রতিশ্রুতি কার্যকর না হলে জনগণ শেষ পর্যন্ত সরকারকে “লাল কার্ড” দেখাবে।
বুধবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এনসিপির কৃষি সেল আয়োজিত ওই সেমিনারের শিরোনাম ছিল— ধান কেনার মৌসুমে সরকারি শর্ত, অসময়ের অতিবৃষ্টি এবং কৃষকের সংকট।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন ধরনের সরকারি কার্ড বিতরণ করা হলেও সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা বাস্তবে কতটা উপকার পাচ্ছেন, সেটাই এখন বড় প্রশ্ন। তার মতে, শুধু কার্ড হাতে তুলে দিলেই দায়িত্ব শেষ হয় না; বরং সেবার কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এ ধরনের উসকানি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সেমিনারে কৃষি পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে দেশের ৫ থেকে ৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে ভবিষ্যতে খাদ্যসংকট ও মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, প্রতি বছর জাতীয় বাজেটের আকার বাড়লেও কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। তার মতে, মোট বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ রাখা উচিত। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বতন্ত্র মূল্য কমিশন গঠনের প্রস্তাবও দেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।