ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ প্রচারাভিযান ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান। “ভোটের চাবি, আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কর্মসূচির উদ্বোধন হয়। জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে সুপার ক্যারাভানের শিল্পী ও কলাকুশলীদের সংগীত পরিবেশনার […]
ছবি - সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ প্রচারাভিযান ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান। “ভোটের চাবি, আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কর্মসূচির উদ্বোধন হয়।
জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে সুপার ক্যারাভানের শিল্পী ও কলাকুশলীদের সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের স্বাগত জানানো হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ।
ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত হয় নির্বাচন ও গণভোট বিষয়ক ভিডিও এবং দেশাত্মবোধক গান। ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ ও ‘সব ক’টা জানালা খুলে দাও না’—এমন জনপ্রিয় গান দর্শকদের আকৃষ্ট করে। প্রধান উপদেষ্টার নির্বাচনী বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনা বিশেষ গুরুত্ব পায়।
এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অনেক দর্শক জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে তারা আগে আংশিক জানলেও এই আয়োজনের মাধ্যমে বিষয়গুলো আরও স্পষ্টভাবে জানতে পেরেছেন।
জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, নির্বাচনের আগ পর্যন্ত সুপার ক্যারাভান সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় ঘুরে জনসচেতনতা সৃষ্টি করবে। এই উদ্যোগ নির্বাচন ও গণভোটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স স্থাপন করা হয়। বিশেষ করে তরুণ দর্শনার্থীরা সেখানে নিজেদের মতামত ও মন্তব্য লিখে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ১০টি ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে জনগণকে ভোট ও গণভোট বিষয়ে সচেতন করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।