সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৮ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

সাভারের সমাবেশে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে: অভিযোগ নাহিদ ইসলামের

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, এটি ছিল পরিকল্পিত হামলা এবং এর পেছনে প্রশাসনের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন […]

সাভারের সমাবেশে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে: অভিযোগ নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, এটি ছিল পরিকল্পিত হামলা এবং এর পেছনে প্রশাসনের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, এই বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এর জবাব প্রশাসনকে দিতে হবে।

নাহিদ ইসলামের ভাষ্য, “আমাদের হত্যা করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।”

তিনি বলেন, গত বছরের আগস্টেও সাভার থেকেই দলের একটি কর্মসূচির সমাপ্তি হয়েছিল। এবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলার মাধ্যমে চলমান জুলাই পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের নিতে হবে। তিনি দাবি করেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে।

এনসিপির আহ্বায়ক জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে তারা জানতে চান, কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এবং স্থানীয় সংসদ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কী ভূমিকা পালন করেছেন।

তিনি আরও জানান, হামলায় দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জবাবদিহির আওতায় আনার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ