মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সীমান্ত হত্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২৬ জুন) বিকেলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশের […]
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সীমান্ত হত্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশের আয়োজন করে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত মুজিব আলীর পরিবারের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, সীমান্তে প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, সীমান্ত হত্যার বিচার কি দেশের মানুষ চায় না? এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে একযোগে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, সমাজে চাঁদাবাজি, জমি দখল কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তার ভাষায়, দেশের তরুণ সমাজ যদি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়, তবে পরিবর্তন সম্ভব।
সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ হাসান। এতে আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ স্থানীয় নেতারা।
সারজিস আলম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ভবিষ্যতের বাংলাদেশে আর মেনে নেওয়া হবে না। তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, স্থানীয় জনগণকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পুশ-ইনসহ সীমান্তসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
পরে রাতে কুলাউড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির উপজেলা কমিটির উদ্যোগে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় স্কুলশিক্ষক আজিজুর রহমান এবং ক্রিকেট সংগঠক রফি আহমদ তানিম আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।