যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্যাপনের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্যাপনের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোলাগুলিতে আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু। আহত শিশুদের বয়স যথাক্রমে ৬, ৭, ১২ ও ১৪ বছর। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকি সাতজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এনওয়াইপিডি জানিয়েছে, কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এপি, নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)