ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুকে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের […]
ছবি - সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুকে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এতে সংগঠনের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ ছিল চরম অপেশাদার ও দায়িত্বজ্ঞানহীন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা-১৯ আসনের একটি নির্বাচনি জনসভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও সংযুক্ত করেন নাহিদ ইসলাম। ওই জনসভায় তিনি বলেন, হাদি হত্যার বিচার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। তিনি উল্লেখ করেন, যমুনার সামনে হাদির পরিবার বিচারের দাবিতে অবস্থান নিয়েছিল, যা গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার যদি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে এবং জড়িতদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে সেটি সরকারের বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন হাদির পরিবারের প্রতি কোনো ধরনের অসম্মান না করা হয় এবং দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।