জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা যৌথভাবে জড়িত বলে অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম লেখেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা যৌথভাবে জড়িত বলে অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম লেখেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে বুধবার দুপুরে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। সেখানে পৌঁছানোর পর স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। পরে এতে আওয়ামী লীগের পুনর্বাসিত গোষ্ঠীর লোকজনও যোগ দেয়।
তিনি জানান, হামলায় দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষায়, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাই তুলে ধরে। এতে সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বাস্তবতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের পর থেকে হাতিয়ায় সংঘটিত প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।