জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রায় ২০ মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন ছেড়ে আত্মগোপনে […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রায় ২০ মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন ছেড়ে আত্মগোপনে চলে যান শিরীন শারমিন। এরপর থেকে তিনি প্রকাশ্যে খুব কমই দেখা দিয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি, এই সময় তিনি বিশেষ নজরদারিতে ছিলেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ এলাকা থেকে বেরিয়ে যান তিনি। সে সময় সংসদের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার না করে অন্যভাবে স্থান ত্যাগ করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। তার সঙ্গে স্বামী ও কনিষ্ঠ সন্তানও ছিলেন বলে জানা যায়। তবে এর পর তিনি কোথায় ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পরে জানানো হয়, অজ্ঞাত স্থান থেকে তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে গেজেটও প্রকাশিত হয়। তবে সেই পদত্যাগ স্বেচ্ছায় হয়েছিল কি না, সে বিষয়ে তখনও নির্ভরযোগ্য কোনো স্বাধীন সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত হলে বিদায়ী স্পিকারই নবনির্বাচিত সদস্যদের শপথ পড়িয়ে থাকেন। কিন্তু শিরীন শারমিনের অনুপস্থিতি এবং ডেপুটি স্পিকারের পরিস্থিতির কারণে বর্তমান সংসদে শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যিনি সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব নেন।
আরও জানা গেছে, আত্মগোপনে থাকাকালেই শিরীন শারমিন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন বলে একটি সূত্র দাবি করেছে। ওই সূত্রের ভাষ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর তিনি আবেদন করেন এবং ১০ অক্টোবর আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেন। তবে এই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা নিয়ে তখন থেকেই প্রশ্ন ওঠে।
শিরীন শারমিন ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হন। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে তার সংসদে যাত্রা শুরু হয়। পরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে বলেও জানা গেছে। রংপুরে মুসলিম উদ্দিন নামে এক স্বর্ণশ্রমিকের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তারের পর শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অগ্রগতির ভিত্তিতে তাকে পরে আদালতে হাজির করা হতে পারে।