যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে রেস্তোরাঁ, বার ও খাবারের দোকানগুলো। তবে খাওয়া-দাওয়া শেষে বকশিশ বা টিপস দেওয়ার বিষয়ে বিদেশি পর্যটকদের অনীহা নতুন করে আলোচনায় এসেছে দেশটির আতিথেয়তা খাতে। সম্প্রতি নিউইয়র্ক সিটির একটি বারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ চলাকালে একদল দর্শক প্রায় ৩০০ ডলারের খাবার ও […]
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে রেস্তোরাঁ, বার ও খাবারের দোকানগুলো। তবে খাওয়া-দাওয়া শেষে বকশিশ বা টিপস দেওয়ার বিষয়ে বিদেশি পর্যটকদের অনীহা নতুন করে আলোচনায় এসেছে দেশটির আতিথেয়তা খাতে।
সম্প্রতি নিউইয়র্ক সিটির একটি বারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ চলাকালে একদল দর্শক প্রায় ৩০০ ডলারের খাবার ও পানীয় গ্রহণের পর বকশিশ হিসেবে মাত্র ৪ ডলার রেখে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রতিষ্ঠানের কর্মী জেসিকা ওর্দেনিয়ানা জানান, যুক্তরাষ্ট্রের প্রচলিত বকশিশ সংস্কৃতির তুলনায় এই পরিমাণ টিপস অত্যন্ত কম।
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁ ও বারের অনেক কর্মীর আয় উল্লেখযোগ্যভাবে গ্রাহকদের দেওয়া বকশিশের ওপর নির্ভরশীল। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সেবাকর্মীদের মূল মজুরি তুলনামূলক কম হওয়ায় সাধারণভাবে মোট বিলের ১৫ থেকে ২০ শতাংশ বকশিশ দেওয়া সামাজিকভাবে স্বীকৃত একটি রীতি হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ইউরোপ, লাতিন আমেরিকা কিংবা এশিয়ার অনেক দেশে খাবারের মূল বিলের মধ্যেই সেবামূল্য অন্তর্ভুক্ত থাকে। ফলে সেসব দেশে অতিরিক্ত বকশিশ দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রেই গ্রাহকরা সামান্য অর্থ অতিরিক্ত দিয়ে থাকেন অথবা একেবারেই বকশিশ দেন না। এই সাংস্কৃতিক পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্রে এসে অনেক পর্যটক বিভ্রান্তিতে পড়ছেন।
রেস্তোরাঁ খাতের কর্মীরা বলছেন, অধিকাংশ বিদেশি দর্শনার্থী ইচ্ছাকৃতভাবে কম বকশিশ দিচ্ছেন না। বরং অনেকেই স্থানীয় নিয়মকানুন সম্পর্কে অবগত না থাকায় কর্মীদের কাছেই জানতে চাইছেন কী পরিমাণ বকশিশ দেওয়া প্রচলিত।
পরিস্থিতি সামাল দিতে বিশ্বকাপ চলাকালে অনেক রেস্তোরাঁ ও বার কর্তৃপক্ষ বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ১৮ থেকে ২০ শতাংশ সেবামূল্য যুক্ত করা শুরু করেছে। বিশেষ করে বড় দল বা গ্রুপের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি ব্যবহার করা হচ্ছে।
তবে এই ব্যবস্থা নিয়েও মতভেদ রয়েছে। কিছু ব্যবসায়ী মনে করছেন, অতিরিক্ত সেবামূল্য যুক্ত হওয়ায় অনেক গ্রাহক শহরের ব্যস্ত এলাকাগুলোর রেস্তোরাঁ এড়িয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ বিলের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বকশিশ সংস্কৃতি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শ্রম অধিকারকর্মী ও বিশ্লেষকদের মতে, সেবাকর্মীদের পর্যাপ্ত বেতন নিশ্চিত করার পরিবর্তে তাদের আয়কে বকশিশনির্ভর করে রাখার বিষয়টি পুনর্বিবেচনার সময় এসেছে।
বিশ্বকাপের বৈশ্বিক মিলনমেলার মধ্যেই তাই মাঠের বাইরের আরেকটি আলোচনার বিষয় হয়ে উঠেছে মার্কিন বকশিশ সংস্কৃতি। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে এই পার্থক্য আরও স্পষ্টভাবে সামনে এসেছে।
সূত্র: ইয়াহু নিউজ।