সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২৭ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

‘৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি’ নিয়ে ভারত যান মাহদী হাসান

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে ঘিরে দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ। একাধিক সূত্রের দাবি, ভারতে অবস্থানকালে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা বেড়ে যায়। গত মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে একটি […]

‘৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি’ নিয়ে ভারত যান মাহদী হাসান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে ঘিরে দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ। একাধিক সূত্রের দাবি, ভারতে অবস্থানকালে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা বেড়ে যায়।

গত মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে একটি ভিসা প্রসেসিং সেন্টারে পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে যান মাহদী হাসান। সেখানে কেউ তাকে শনাক্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে আসে।

বিবিসি বাংলার সঙ্গে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানায়, মাহদী হাসান ভারতে আসার সময় ভবিষ্যৎ খরচের জন্য সঙ্গে করে উল্লেখযোগ্য পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এনেছিলেন, যার বাজারমূল্য বাংলাদেশি টাকায় ৪০ লাখেরও বেশি হতে পারে। যদিও আরেকটি সূত্র অর্থের সঠিক পরিমাণ নিশ্চিত করতে পারেনি।

সূত্রগুলো জানায়, মঙ্গলবার সকাল থেকেই মাহদী হাসানের কাছে ভারত ও বাংলাদেশ থেকে একাধিক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। সকাল ১১টার দিকে তাকে শনাক্ত করা হলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট মহলে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছাকাছি অন্য একটি হোটেলে আশ্রয় নেন। পরে রাতেই তার জন্য দিল্লি-ঢাকা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি টিকিট পৌঁছে দেওয়া হয়।

নিরাপত্তা সংস্থার কাছে তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পায় বলে সূত্রগুলো জানিয়েছে—ভারতবিরোধী বক্তব্য, একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি এবং ধর্মীয় পরিচয় উল্লেখ করে দেওয়া মন্তব্য। একটি সূত্র জানায়, এসব কারণে তাকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে ঢাকা ফেরার সময় নিরাপত্তা চেকিং লাইনে তাকে আলাদা করে প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সূত্রগুলোর দাবি, এ সময় তার সঙ্গে কোনো ধরনের শারীরিক দুর্ব্যবহার করা হয়নি।

বাংলাদেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাহদী হাসান অভিযোগ করেন, তাকে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক করে হয়রানি করা হয়েছে এবং তিনি গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। তবে ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তা অস্বীকার করে বলেন, এসব তথ্য সম্পূর্ণ গুজব।

দিল্লিতে তার উপস্থিতি, বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ, গোয়েন্দা নজরদারি এবং বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে মাহদী হাসানকে ঘিরে ঘটনাপ্রবাহ এখনো সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ