নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির মাউন্ট ভার্ননের ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ব্র্যান্ডন হান্টার-কার্নি বড় অঙ্কের আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। আদালতের নথি অনুযায়ী, একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮ লাখ ডলার আত্মসাতের চেষ্টা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনাটি ২০২৩ সালের শুরুর দিকে, অর্থাৎ তিনি পুলিশে যোগ দেওয়ার আগেই ঘটে। অভিযোগ রয়েছে, […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির মাউন্ট ভার্ননের ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ব্র্যান্ডন হান্টার-কার্নি বড় অঙ্কের আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। আদালতের নথি অনুযায়ী, একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮ লাখ ডলার আত্মসাতের চেষ্টা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনাটি ২০২৩ সালের শুরুর দিকে, অর্থাৎ তিনি পুলিশে যোগ দেওয়ার আগেই ঘটে। অভিযোগ রয়েছে, আলাবামাভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ইস্যু করা ৮ লাখ ১৬০ ডলারের একটি চুরি হওয়া চেক তিনি সংগ্রহ করেন।
এরপর নিউইয়র্কে একই নামে “ইলেক্ট্রনিক কন্ট্রোলস অ্যান্ড সিস্টেমস ইনক.” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে নিজেকে মালিক হিসেবে দেখান। পরে সেই চেকটি ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
তবে তদন্তকারীরা জানিয়েছেন, শেষ পর্যন্ত তিনি অর্থটি ব্যবহার করতে পারেননি। ব্যাংকিং পর্যায়ে অসঙ্গতি ধরা পড়ায় পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।
ওয়েস্টচেস্টার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সুসান ক্যাকেসে বলেন, এ ধরনের দুঃসাহসিক প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইনের চোখে কেউই ছাড় পাবে না।
মাউন্ট ভার্নন পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযুক্ত কর্মকাণ্ডগুলো তার চাকরিতে যোগদানের আগের। ২০২৪ সালের জুলাইয়ে পুলিশে যোগ দেওয়ার সময় এসব বিষয়ে বিভাগের কোনো ধারণা ছিল না।
ঘটনার পর তাকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তার বিরুদ্ধে চুরি করা সম্পত্তি অবৈধভাবে রাখা এবং গ্র্যান্ড লারসেনিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।