সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় জেদ্দায় আটকে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তবে দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি ঢাকাগামী বিমানে উঠতে সক্ষম হয়েছেন। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। সেখানে তিনি […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় জেদ্দায় আটকে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তবে দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি ঢাকাগামী বিমানে উঠতে সক্ষম হয়েছেন।
নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ, আজ (সোমবার) সকালে ঢাকায় পৌঁছাবো। গত ২৪ ঘণ্টায় যারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন ও দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে নিন।”
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সব আনুষ্ঠানিকতা শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। তবে ঠিক সেই দিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ফলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানটি আবার জেদ্দায় ফিরে আসে।
এই ঘটনায় মুশফিকসহ অসংখ্য বাংলাদেশি যাত্রী জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েন। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মুশফিক। সেখানে তিনি উল্লেখ করেন, জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকে আছেন এবং কবে গন্তব্যে ফেরা সম্ভব হবে—তা নিয়ে চরম দুশ্চিন্তা বিরাজ করছে।
এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার গণমাধ্যমকে জানান, মুশফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সোমবার সকালে মুশফিক দেশে ফিরতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছি। মুশফিকের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করছি আজ সকালেই সে নিরাপদে দেশে ফিরবে। এখন পর্যন্ত সে সুস্থ ও ভালো আছে।”